
নতুন করে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষায় তাঁর ডান পায়ের কাফ মাসলে (পায়ের পেশি) গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এর ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর পাশাপাশি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে। দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নেইমারের বিস্তারিত মেডিকেল পরীক্ষা ও এমআরআই স্ক্যান করা হয়। এতে দেখা গেছে, এটি সাধারণ কোনো ফোলা নয় বরং পেশিতে গুরুতর চোট। পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে এবং আপাতত তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। তবে এই চোটের কারণে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে কাফ মাসলের এই সমস্যার কারণে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ব্রাজিলের প্রথম অনুশীলনেও অংশ নিতে পারেননি নেইমার। ইনজুরির প্রকৃত ধরন ও গভীরতা নিশ্চিত করতেই মূলত তাঁকে বাড়তি কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সবশেষ ১৭ মে ঘরোয়া লিগ ব্রাসিলেইরাওতে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচে তাঁর দল করিতিবার কাছে হেরে যায়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে তিনি আর ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামেননি।
চূড়ান্ত মেডিকেল রিপোর্টের অপেক্ষায় থাকায়, আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য, বিশ্বকাপের আগে আগামী ৫ জুন মিশরের বিপক্ষে দলটির শেষ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।