
প্রচণ্ড তাপপ্রবাহে নাকাল ইতালি। গ্রীষ্মের ভয়াবহ তাপদাহের কারণে রাজধানী রোমসহ দেশের কয়েকটি বড় শহরে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ‘রেড অ্যালার্ট’ (লেভেল-৩) জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) তাপপ্রবাহ সবচেয়ে তীব্র আকার ধারণ করতে পারে। এ সময় রোমে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি থাকবে বলেও সতর্ক করা হয়েছে।
ইতালির আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় ‘লেভেল-৩’ বা রেড অ্যালার্টের অর্থ হলো, এই পরিস্থিতি শুধু শিশু ও বয়স্কদের নয়, সুস্থ-সবল মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও পর্যটকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, ক্যাফেইন ও অ্যালকোহলজাতীয় পানীয় পরিহার, হালকা রঙের সুতি পোশাক পরা এবং বাইরে বের হলে ছাতা বা সানগ্লাস ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আফ্রিকা থেকে ধেয়ে আসা শক্তিশালী উষ্ণ বায়ুপ্রবাহ (Anticyclone) ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ।
তবে আগামী রোববার (১৯ জুলাই) থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং কয়েকটি এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। যদিও আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হতে এবং গরমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমতে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
রোমের পাশাপাশি ফ্লোরেন্স, বোলোনিয়াসহ ইতালির আরও কয়েকটি প্রধান শহরেও বর্তমানে রেড অ্যালার্ট কার্যকর রয়েছে। তাপপ্রবাহের কারণে বিশেষ করে পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।