
ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। তবে সেটি প্রেম, বাগদান নাকি বিয়ে—এ বিষয়ে তখন কোনো স্পষ্ট তথ্য দেননি। এবার পবিত্র মক্কার মসজিদুল হারাম থেকে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন নীহা। একটিতে পবিত্র কাবা শরিফের সামনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে ও তার সঙ্গীকে। ছবিটি পেছন থেকে তোলা হওয়ায় দুজনের মুখ দেখা যায়নি। অন্য ছবিতে কাবা শরিফকে পেছনে রেখে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায় তাদের।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জীবনের নতুন অধ্যায়ের কথা উল্লেখ করেন নীহা। তিনি লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
ক্যাপশনের শেষাংশে তিনি আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
অভিনেত্রীর এমন বক্তব্য ও ছবি প্রকাশের পর তার বিয়ের বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। যদিও জীবনসঙ্গীর নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।
এর আগে এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে নীহার নেপাল ভ্রমণের গুঞ্জন ছড়িয়েছিল। তার সঙ্গে নেপাল বা পাকিস্তানের কোনো যুবকের সম্পর্ক রয়েছে বলেও আলোচনা ছিল। তবে এসব বিষয়ে কখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
এদিকে নীহার নতুন পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং শুভকামনা প্রকাশ করছেন।