
ঈদের পর থেকেই আলোচনার কেন্দ্রে থাকা সিনেমা ‘দম’ এবার নতুন মোড়ে। মাল্টিপ্লেক্সে সাফল্যের ঢেউ তোলার পর অবশেষে দেশের সিংগেল স্ক্রিনেও মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশের একক প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে আফরান নিশো অভিনীত এই আলোচিত চলচ্চিত্র, যা ইতিমধ্যেই দর্শক আগ্রহের আগুনে নতুন করে ঘি ঢেলেছে।
শুরু থেকেই একটু আলাদা কৌশলেই এগিয়েছে ‘দম’। পাইরেসি ঠেকানো আর সিনেমার মান ধরে রাখার লক্ষ্যেই প্রথম কয়েক সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে সীমাবদ্ধ রাখা হয়েছিল ছবিটিকে। সেই পরিকল্পনা মেনেই এতদিন নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর মধ্যেই ঘুরপাক খাচ্ছিল সিনেমাটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে: সাধারণ হলগুলোতে ‘দম’ কবে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে প্রযোজনা পক্ষ।
প্রযোজক শাহরিয়ার শাকিল একটি গণমাধ্যমকে বলেন, ‘সিংগেল স্ক্রিনে মুক্তি না দেওয়ার সিদ্ধান্তটা ছিল পুরোপুরি পরিকল্পিত। কিন্তু দর্শক আর হল মালিকদের আগ্রহ এতটাই বেশি যে, এখন আর অপেক্ষা করার সুযোগ নেই। তাই ২৪ এপ্রিল থেকে সারাদেশে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গল্পের দিক থেকেও ‘দম’ আলাদা করে নজর কাড়ছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় উঠে এসেছে এক প্রবাসী মানুষের বেঁচে ফেরার সংগ্রাম। এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর, যিনি কাজের সূত্রে আফগানিস্তানে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন এবং দুষ্কৃতিকারীদের হাতে বন্দি হন। তার জীবন-মৃত্যুর লড়াই আর পরিবারের কাছে ফিরে আসার আকুতিই সিনেমার মূল সুর। একদিকে টানটান উত্তেজনা, অন্যদিকে গভীর মানবিক আবেগ। এই দুইয়ের মিশেলেই ‘দম’ তৈরি করেছে নিজের আলাদা জায়গা।
নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশোর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত। তার সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে চঞ্চল চৌধুরী ও ডলি জহুরের উপস্থিতি গল্পকে দিয়েছে আরও দৃঢ়তা।
মাল্টিপ্লেক্সে পাওয়া সাড়া যেন এখন সিংগেল স্ক্রিনে বিস্ফোরণের অপেক্ষায়। সংশ্লিষ্টদের বিশ্বাস, ঢাকার বাইরের দর্শকদের হলে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে ‘দম’। যেন বন্দিদশা থেকে মুক্তি পাওয়া গল্পটাই এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে, প্রতিটি দর্শকের হৃদয়ে।