
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত হবে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকারি বিভিন্ন স্থাপনা, ভবন, কর্মসূচি, যুদ্ধজাহাজ এবং অন্যান্য রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার যে ধারা শুরু হয়েছে, বিমানবন্দরের নাম পরিবর্তনও তারই অংশ।
ফ্লোরিডার পাম বিচ শহরে অবস্থিত ট্রাম্পের বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্ট দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবের কেন্দ্র হিসেবে পরিচিত। এ কারণে ওই অঞ্চলের বিমানবন্দরের নাম তার নামে রাখা অনেকের কাছে তাকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সম্ভবত পুরো ফ্লোরিডাতেই পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো এতটা ওতপ্রোতভাবে আর কেউ জড়িয়ে নেই।’
এদিকে ওয়াশিংটনেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এর অংশ হিসেবে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস ভবনের সঙ্গে তার নাম সংযুক্ত করা হয়েছে। তবে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নাম পরিবর্তনের প্রচেষ্টা আদালতে বাতিল হয়ে যায়।
চলতি বছরের মার্চ মাসে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ডোনাল্ড ট্রাম্পের নামে পরিবর্তনের আইনে অনুমোদন দেন।:::