
পাকিস্তান সুপার লিগের নতুন আসরকে সামনে রেখে বাংলাদেশের পেস আক্রমণে আরও একটি আন্তর্জাতিক মঞ্চ যুক্ত হলো। প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, যাকে দলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।
বাংলাদেশি এই পেসারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রীড়া মাধ্যম জিও সুপার এবং পেশোয়ার জালমির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম। সোমবার (১৬ মার্চ) এক পোস্টে দলটি শরিফুলকে স্বাগত জানায়। সেখানে দলীয় জার্সিতে একটি অ্যানিমেটেড পোস্টারে তাকে উপস্থাপন করা হয়। ক্যাপশনে লেখা হয়, “তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।”
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই শরিফুল ইসলাম জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে তার অভিজ্ঞতাও সমৃদ্ধ। মোট ১৫৬টি ম্যাচে তিনি নিয়েছেন ১৯৫টি উইকেট। এই ফরম্যাটে তার বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৮.২২।
দেশীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি অন্যতম নির্ভরযোগ্য বোলার। এই টুর্নামেন্টে ৬০ ইনিংসে ৮৭টি উইকেট শিকার করে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় নিজের অবস্থান তৈরি করেছেন।
আসন্ন পিএসএলের একাদশ আসর শুরু হবে ২৬ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত। এই আসরেই প্রথমবার অংশ নেবেন শরিফুল ইসলাম।
একই দিনে পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে উদীয়মান পেসার মুহাম্মদ বাসিতকেও। ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি নতুন মৌসুমের জন্য স্কোয়াড আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের পিএসএলে প্রথমবারের মতো আটটি দল অংশ নিচ্ছে এবং পাকিস্তানের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পেশোয়ার জালমি তাদের অভিযান শুরু করবে ২৮ মার্চ।
পিএসএলের এই আসরে পেশোয়ার জালমির স্কোয়াডে রয়েছেন বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আবদুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আবদুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, মুহাম্মদ বাসিত এবং শরিফুল ইসলাম।