
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণাঙ্গ জয়’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। যুদ্ধবিরতিকে তিনি নিজের বিজয় হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ জয়। শতভাগ। এতে কোনো প্রশ্ন নেই।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র একটি ১০ দফা প্রস্তাব পেয়েছে, যাকে তিনি ‘কূটনৈতিক আলোচনার জন্য কাজ করার উপযোগী ভিত্তি’ হিসেবে বর্ণনা করেন।
ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের সম্ভাব্য হুমকি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, ‘সামনে আপনারা সবই দেখতে পাবেন।’
পারমাণবিক ইস্যু নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের পারমাণবিক উপকরণ যেকোনোভাবেই হোক শান্তি চুক্তির আওতায় আনা হবে। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘সেদিকে পুরোপুরি নজর রাখা হবে, তা না হলে আমি চুক্তিতে সম্মত হইনি।’
এদিকে, চলমান সংঘাতের ক্ষেত্রে সময়সীমা ও লক্ষ্য পুনর্নির্ধারণ করেছেন ট্রাম্প। তার মতে, ওয়াশিংটনের নির্ধারিত উদ্দেশ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে।