
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বাঞ্চলীয় পুলিশের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গেজেট।
তবে গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক কিংবা তারা একই দেশের কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার নারীদের প্রথমে নিরাপত্তাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সৌদি আরবে পতিতাবৃত্তি সম্পূর্ণ অবৈধ। এ কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার জন্য কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির শাস্তি হিসেবে বেত্রাঘাতের বিধানও চালু ছিল। তবে ওই বছর সৌদি সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এ শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকলে শাস্তি ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এ ছাড়া সৌদি আরবে বিবাহবহির্ভূত যেকোনো ধরনের সম্পর্ক অবৈধ। এ কারণে এ ধরনের অপরাধে দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডও হতে পারে।