
দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, হাসান ও. রশিদের পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে কার্যকর হবে। ১ এপ্রিল থেকে ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান।
প্রাইম ব্যাংক–সংক্রান্ত সূত্র জানায়, হাসান ও. রশিদকে দেশের অন্য শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ ১৯ এপ্রিল শেষ হবে। বয়সসীমার কারণে মেয়াদ শেষে আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হবেন হাসান ও. রশিদ।
হাসান ও. রশিদ বলেন, “আমি বেসরকারি অন্য একটি ব্যাংকে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছি। সে কারণে প্রাইম ব্যাংকের সিইওর পদ থেকে পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এপ্রিল থেকে নতুন ব্যাংকে যোগ দেব।”
প্রাইম ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক। গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি ৬২৯ কোটি টাকা মুনাফা করেছে, যা ২০২৪ সালের একই সময়ের ৪৯৫ কোটি টাকার তুলনায় ২৭ শতাংশ বেড়েছে। ১৯৯৫ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে সাড়ে ৩৫ টাকা।