
অফিস খোলার সময় পেরিয়ে গেলেও দেখা নেই কর্মকর্তা-কর্মচারীদের। এমন চিত্রই সামনে আসে নারায়ণগঞ্জের একটি ভূমি অফিসে, যেখানে আকস্মিক পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী।
বুধবার ৪ মার্চ সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস-এ হঠাৎ পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উপস্থিত না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, “অফিস সময় সকাল ৯টা হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও জানান, ভূমি অফিসের সেবার মান নিয়ে আগে থেকেই নানা অভিযোগ পাচ্ছিলেন। তিনি বলেন, “অভিযোগ পেয়েছি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা সঠিকভাবে সেবা দিচ্ছেন না। এখনও তাদের মধ্যে আমলাতান্ত্রিক মনোভাব রয়েছে। এখানে এসে আমি আশাহত, কর্মকর্তারা দেরি করে এসেছেন।”
তিনি স্পষ্ট করে দেন, এ ধরনের অভিযান শুধু একটি অফিসে সীমাবদ্ধ থাকবে না। সারা দেশেই ভূমি অফিসগুলোতে আকস্মিক পরিদর্শন চলবে বলে জানান তিনি। দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “সারা দেশে এমন পরিদর্শন চলবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ভুক্তভোগীদের কল সেন্টারে অভিযোগ করার অনুরোধ জানাচ্ছি। ওয়েবসাইটেও অভিযোগ করা যাবে।”
ঘুষ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তের ভূমি অফিসে এ ধরনের হঠাৎ পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান ভূমি প্রতিমন্ত্রী।