
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
মঙ্গলবার ৩ মার্চ রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তার এ সফর। অবস্থানকালে তিনি নবগঠিত সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো প্রাধান্য পাবে।
সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর। একই আয়োজনে তার সম্মানে অনুষ্ঠিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে আলোচনা শেষে দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। একই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন এ কূটনীতিক।
উল্লেখ্য, পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন।