
যুদ্ধবিরতি ঘোষণার রেশ কাটতে না কাটতেই লেবাননজুড়ে প্রলয়ংকারী তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বুধবার (৯ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। আইডিএফের দাবি অনুযায়ী, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই লেবাননে তাদের পরিচালিত সবচেয়ে বড় ও সমন্বিত সামরিক অভিযান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও গার্ডিয়ানের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর এই সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৫৪ জনে। এছাড়া আরও ৮৩৭ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সম্পূর্ণ নিরস্ত্র ও শান্তিপূর্ণ সাধারণ মানুষের ওপর এই আক্রমণ চালানো হয়েছে। সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বিমান হামলায় অসংখ্য আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে গেছে।
এদিকে, বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে অভিযান বন্ধের কোনো লক্ষণ নেই ইসরায়েলের। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে, তাদের সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিকে নীতিগতভাবে সমর্থন দিলেও লেবাননকে এই সমঝোতার বাইরে রাখা হয়েছে।
নেতানিয়াহুর দাবি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ইরানকে একটি কোণঠাসা অবস্থানে নিয়ে আসা। এর উদ্দেশ্য হলো তেহরান যেন ভবিষ্যতে আর কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন কিংবা কোনো সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে হুমকি হয়ে দাঁড়াতে না পারে। মূলত এই লক্ষ্য পূরণের অংশ হিসেবেই লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।