-6af7f173ea505.webp)
বিআইডব্লিউটিসির ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে চার ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এমবি আলী আকবর নামের একটি মালবাহী কার্গো জাহাজের সঙ্গে ফেরি কাকলীর সংঘর্ষ হয়। এ সময় শিক্ষা সফরে যাওয়া ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র তরিকুল ইসলাম ট্রাকের চাপায় নিহত হয়। এ ঘটনায় ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেফতার করে চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি।
মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা ও স্বজনরা লিখিতভাবে জানিয়েছেন, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাদের মামলা বা অভিযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরনকেও সরাসরি অবহিত করেছেন বলে দাবি করেছেন তারা।
অন্যদিকে, মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর অঞ্চলের ফেরির কর্মকর্তা-কর্মচারীরা তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চার ঘণ্টার বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তের ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি মাস্টার আব্দুর রব বলেন, মাস্টার মোশারফকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তিনি আরও জানান, সংগঠনের সভাপতি অসুস্থ থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ফেরি ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের ভোগান্তি চলতে পারে।
এ বিষয়ে জানতে আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।