
ঈদের সিনেমা মানেই এবার যেন আলাদা এক উত্তেজনার নাম ‘রকস্টার’। শুরু থেকেই শাকিব খানকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর একের পর এক পোস্টার, টিজার ও গান প্রকাশের পর সেই আগ্রহ এখন রীতিমতো আলোচনার কেন্দ্রে। এর মধ্যেই সিনেমাটি নিয়ে সামনে এলো নতুন এক চমকের খবর। গুরুত্বপূর্ণ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক-কে।
নির্মাতা আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র হওয়ায় শুরু থেকেই সিনেমাটি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
সিনেমাটিতে শাকিব খান-এর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও রয়েছেন তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘পিরিতি’ গানেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সেই গানে দেখা গেছে সংগীতশিল্পী পান্থ কানাই-কেও। জানা গেছে, সিনেমার একটি বিশেষ উপস্থিতিতে থাকছেন তিনিও।
তবে নতুন আলোচনার কেন্দ্র এখন সুনিধি নায়েক। দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে পরিচিত এই শিল্পী মূলত রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। পাশাপাশি তিনি শায়ান চৌধুরী অর্ণব-এর স্ত্রী হিসেবেও পরিচিত। সিনেমাটির শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি বলে জানা গেছে।
যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি সুনিধি। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। পরিচালকই বিস্তারিত জানাতে পারবেন।’ পরে নির্মাতা আজমান রুশোর সঙ্গেও যোগাযোগ করা হলে তিনিও পুরো বিষয় খোলাসা না করলেও বড় চমকের ইঙ্গিত দেন।
ভারতের আসানসোলে জন্ম নেয়া সুনিধি নায়েকের বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক আবহে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০২০ সালের শেষ দিকে অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’ ও ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো গান দিয়ে দুই বাংলার শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই শিল্পী। বর্তমানে বিভিন্ন কনসার্ট ও আয়োজনের পাশাপাশি কোক স্টুডিও বাংলাতেও নিয়মিত পারফর্ম করছেন তিনি।