
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ বয়কট করে রাজপথে নামলে সরকার টিকতে পারবে না।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, “আমরা ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে নেমে আসি, তাহলে সরকার টিকতে পারবে না। দেশ পরিচালনা করতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে। জুলাই সনদ মেনে নিতে আমাদের সমস্যা না থাকলে সরকারের আপত্তির কারণ কী?”
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “দেশ পরিচালনার স্বার্থে আপনার আশপাশের মানুষদের নিয়ন্ত্রণ করুন। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতির জন্য আপনাকেই দায় নিতে হতে পারে।”
সমাবেশে তিনি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানান। এ ঘটনার সঙ্গে জড়িতদের সমালোচনা করে তিনি দাবি করেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং এর পেছনে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগও উত্থাপন করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির কুষ্টিয়া জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি।