
দীর্ঘদিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর বৃষ্টি দিয়ে সকাল শুরু হয়েছে ঢাকাবাসীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, যা নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা শুরু হয়েছে। সকালে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে অফিসগামী মানুষ কিছুটা ভোগান্তিতে পড়লেও গরম থেকে মিলেছে স্বস্তি।
আজ সকালে রাজধানীতে তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।