
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাটের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ভূরুঙ্গামারী উপজেলার সাদিয়া (৮), নুরন্নবী (২৮) এবং মাইক্রোবাসচালক লিমন মিয়া (২৮)। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।