
কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের যত্নে লালন-পালন করা গরুর শিংয়ের আঘাত ও গুঁতোয় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে নিজের পালিত একটি গরু ঘাড়মোড়া বাজারে নিয়ে গিয়েছিলেন আমেনা বেগম ও তার পরিবারের সদস্যরা। কিন্তু হাটে নেওয়ার পর হঠাৎ গরুটি উত্তেজিত হয়ে তেড়ে আসে এবং শিং দিয়ে আমেনা বেগমকে সজোরে গুঁতো দেয়। গরুর উপর্যুপরি আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
এরপর আশপাশের লোকজন ও বাজারের ব্যবসায়ীরা দ্রুত ওই গৃহবধূকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাটে নিজের গরুর আঘাতেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে এই ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’