
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ২০ জুলাইকে সামনে রেখে সব ধরনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আগামী ২০ জুলাইকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।