
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে—চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনে পাকিস্তান সফরেও যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাস সফরে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
এর আগে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে ওই আলোচনা কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে এবং সেটি পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে।
তথ্যসূত্র: এএফপি