
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের কোনো আইনি সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ বিষয়ে সিটির আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুকে জবাবদিহির মুখোমুখি হওয়া উচিত।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত।’
মামদানি আরও বলেন, গত কয়েক বছরে নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে অনেকেই একই ধরনের মত পোষণ করেন।
ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের জন্য পরিচিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই রাজনীতিক নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারণার সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। তবে সে সময় থেকেই এমন পদক্ষেপ বাস্তবায়নের আইনি সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, নিউইয়র্ক সিটির আইন অনুযায়ী তার ক্ষমতার সীমা কতটুকু, সেটি নির্ধারণে সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে পরামর্শ করা হচ্ছে।
মামদানি বলেন, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যতটুকু ক্ষমতা দেয়, আমরা ঠিক ততটুকুই করব। তবে এ উদ্দেশ্যে আমরা নতুন কোনো আইন তৈরি করব না।’