
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি অভিযোগ করেছে, উপসাগরীয় আরব দেশগুলো ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চালানো এসব হামলার মাধ্যমে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত করার পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি হামলাগুলোকে ‘অপরাধমূলক ও বেপরোয়া’ আখ্যা দেন। তার ভাষ্য, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাবিল ফাহমি বলেন, ‘যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।’
তিনি ইরানকে অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে হামলা বন্ধ করতে, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।
এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। তবে এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে দেশটি।