
নারী কেলেঙ্কারি প্রমানিত হওয়ার পর নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ জুলাই) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় তাকে দল থেকে অব্যাহতির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে গণমাধ্যমে প্রচারিত বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে জামায়াত। নিরপেক্ষ সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা মিললে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুসরণ করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
একই সাথে জাতীয় সংসদের এই সদস্যকে দল থেকে বহিষ্কার করার বিষয়টি আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে অনতিবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।