
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্পর্শকাতর ব্যক্তিগত ভিডিও কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশানা করে কড়া মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে শামীম হোসেন উল্লেখ করেন:
‘এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।’
উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সাথে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনাকাঙ্ক্ষিত ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেলে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় শুরু হয় এবং তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে।