
চলতি বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই ভিএআর হস্তক্ষেপসংক্রান্ত নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে ফিফা। এতে দেখা গেছে, টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভিএআর-সুবিধা পাওয়া দল আর্জেন্টিনা নয়, বরং উত্তর আমেরিকার সহ-আয়োজক মেক্সিকো।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত ফিফার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০০টি ফাউল বা গুরুত্বপূর্ণ ঘটনার বিপরীতে ভিএআর পর্যালোচনার হিসাবে মেক্সিকোর অনুকূলে গেছে সর্বোচ্চ ৭ দশমিক ৮ শতাংশ সিদ্ধান্ত।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির পক্ষে গেছে ৬ দশমিক ৭ শতাংশ ভিএআর-সংশ্লিষ্ট সিদ্ধান্ত। পরিসংখ্যান অনুযায়ী, টুর্নামেন্টে এখন পর্যন্ত ভিএআরের কোনো চূড়ান্ত সিদ্ধান্তই আর্জেন্টিনার বিপক্ষে যায়নি। পাশাপাশি গ্রুপ পর্বে তাদের কোনো ম্যাচেই অন-ফিল্ড সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ভিএআরের হস্তক্ষেপের প্রয়োজন হয়নি।
অন্যদিকে, ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়া দল হিসেবে উঠে এসেছে ক্রোয়েশিয়ার নাম। লুকা মদ্রিচের দলটির বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্ত গেছে।
ফিফার প্রকাশিত এ পরিসংখ্যানের পর বিশ্বকাপে ভিএআরের ব্যবহার ও সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।