
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ডা. মাহমুদা মিতু দাবি করেছেন, গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভারতের একটি নম্বর থেকে পাঠানো বার্তায় ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে এ অভিযোগ জানান মাহমুদা মিতু। একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং ক্ষোভ প্রকাশের কারণও ব্যাখ্যা করেন তিনি।
মাহমুদা মিতু লেখেন, শত শত শহীদের রক্ত, আহতদের আত্মত্যাগ, জুলাইয়ের সমন্বয়ক হান্নান মাসুদ ও এক দফা আন্দোলনের ঘোষক নাহিদ ইসলামের সংগ্রামের ওপর দাঁড়িয়ে আছে এই সংসদ। অথচ তাঁদেরই সংসদে অসম্মানজনকভাবে ‘তুই-তুকারি’ করে কথা বলা হচ্ছে।
তিনি বলেন, হান্নান মাসুদকে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করা হচ্ছিল। তখন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা হত্যার হুমকি পাচ্ছেন, যাঁদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, তাঁদেরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যাঁরা আপস করে রাজনীতি করেন, তাঁরা পরিবার-পরিজন ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার সাহসের বিষয়টি বুঝতে পারবেন না।
তিনি আরও জানান, গত সাত দিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও এমন হুমকি পেয়েছেন। বিষয়টি নুসরাতের ঘটনার মতো গুরুত্বহীন করে দেখা হবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পোস্টে শহীদ ওসমান হাদির একটি বক্তব্যও স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
লরেন্স বিষ্ণোই ভারতের একজন কুখ্যাত গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তিনি আলোচিত। তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ দুই ডজনের বেশি ফৌজদারি মামলা রয়েছে। তাঁর গ্যাংয়ের সঙ্গে ৭০০-এর বেশি শুটারের সংশ্লিষ্টতার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।