
দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বুধবার প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে ৭ হাজার ৯৮০ জন কর্মরত রয়েছেন।
শূন্য পদের হিসাব তুলে ধরে তিনি বলেন, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে ৮ হাজার ১৩৬টি পদ বর্তমানে খালি রয়েছে।
এদিকে, একই অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিকভাবে প্রভাবিত ও হয়রানিমূলক হিসেবে বিবেচিত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশিষ্ট মামলাগুলোও যাচাই-বাছাই করে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি আদালতের মাধ্যমে খালাস পেলে তাকে মর্যাদার সঙ্গে এবং আইন অনুযায়ী আচরণ করা তার মৌলিক অধিকার। তিনি আরও জানান, অতীতে অনেক নিরীহ ব্যক্তি, এমনকি মৃত ব্যক্তি ও প্রতিবন্ধীদের বিরুদ্ধেও মামলা দায়েরের নজির রয়েছে।
আইনমন্ত্রী বলেন, যেসব মামলা প্রত্যাহারের উপযোগী, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের মাধ্যমে যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ দপ্তরে আবেদন করার আহ্বান জানান এবং বলেন, আইন মন্ত্রণালয় সরাসরি এসব মামলা প্রত্যাহারের দায়িত্বে না থাকলেও সার্বিক প্রক্রিয়ায় সহায়তা করছে।