
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি–এর নতুন গান ‘সরকে চুনর তেরি’ ঘিরে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই; অশালীনতা ও নারীর মর্যাদা ক্ষুণ্নের অভিযোগে তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দিলেও তিনি অনুপস্থিত থাকায় ক্ষোভ জানিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন, তবে শেষ সুযোগ দিয়ে আগামী সোমবার, ২৭ এপ্রিল হাজিরার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ ভারতীয় বড় বাজেটের ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর এই গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই গানের ভাষা ও নাচকে ‘অশালীন’ ও ‘ইঙ্গিতপূর্ণ’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তোলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত গানটির হিন্দি সংস্করণ সরিয়েও নিতে হয়। কিন্তু তাতেও থামেনি বিতর্কের ঢেউ; বরং তা গড়িয়েছে আইনি পর্যায়ে।
সোমবার, ৭ এপ্রিল অনুষ্ঠিত কমিশনের শুনানিতে গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম ও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত থাকেন নোরা। তার পক্ষে আইনজীবী হাজির হলেও কমিশন সেটিকে গ্রহণযোগ্য মনে করেনি। শুনানিতে কমিশনের চেয়ারম্যান বিজয়া রহাটকর ক্ষোভ প্রকাশ করে একটি গণমাধ্যমকে বলেন, ‘সৃজনশীলতার নামে নারীর সম্মানকে খাটো করার কোনো সুযোগ নেই, এ ধরনের বিষয় একেবারেই বরদাশত করা হবে না।’
একই ঘটনায় জড়িয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত–ও। তাকে মঙ্গলবার, ৮ এপ্রিল আলাদাভাবে তলব করা হয়েছে। বিষয়টি যেন ধীরে ধীরে একটি গানের সীমা পেরিয়ে বড়সড় বিতর্কে রূপ নিচ্ছে, যেখানে শিল্প, বাণিজ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন একসঙ্গে জড়িয়ে গেছে।
এদিকে কমিশনের কড়া অবস্থানের মুখে নতি স্বীকার করেছেন নির্মাতারা। তারা লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কনটেন্ট নির্মাণে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী তিন মাস নারী ক্ষমতায়নমূলক কাজ করার অঙ্গীকারও করেছেন তারা, যার অগ্রগতি কমিশনে জমা দিতে হবে।
বিতর্কের এই আগুনে নোরার ক্যারিয়ারে সাময়িক ছায়া পড়েছে বলেই মনে করছেন অনেকে। গ্ল্যামার আর গানের ঝলকানির আড়ালে এবার যেন তাকে লড়তে হচ্ছে ভিন্ন এক মঞ্চে, যেখানে আলো নয়, প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে।