
রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত সুধা সদনের প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে ধানমন্ডি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত মো. শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, ঘটনাস্থলে প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপ সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করে।
আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।