
জামায়াত ও আওয়ামী লীগের মতো বিএনপির মধ্যেও বট ও গুপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাখ্যা
নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে ওঠা সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, এ নামকরণের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। এলাকার মানুষই তাঁর সন্তানদের নাম সীমান্ত ও দিগন্ত রেখেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানার পর সমালোচনার কথা উল্লেখ করে নাম পরিবর্তনের নির্দেশ দেন। পরে ইউনিয়নটির নাম পরিবর্তন করে জগন্নাথপুর রাখা হয়েছে।
বিভিন্ন স্থানের নামকরণের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার জহরুল নগরের নামকরণ করা হয়েছে সাবেক মেয়র জহরুল সাহেবের নামে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, জহরুল সাহেব কি কবরস্থান থেকে উঠে এসে ওই শহর ভোগ করছেন?
বিএনপিকে লক্ষ্য করেই সমালোচনা করা হচ্ছে
সমালোচনার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, ঢাকার মিরপুর, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা কিংবা ঢাকার মীরের বাগ তাঁর বংশের নামে নয়। বিএনপিকে আক্রমণ করার উদ্দেশ্যেই তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে সীমান্তে সংঘাতের উদাহরণ টানেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘর্ষ হলে এর দায় তাঁর ছেলের ওপর চাপানো যায় না। এ ধরনের সমালোচনারও জবাব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, এ অঞ্চলের উন্নয়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গত ২০ বছরের উন্নয়ন ঘাটতি পূরণ করতে চান তাঁরা।
এ লক্ষ্য বাস্তবায়নে বগুড়ার ছয় সংসদ সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।