
ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে ব্লক লিডারের বিরুদ্ধে কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
হাসপাতাল ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহিরউদ্দিনে ১২ বছর আগে জাকির গাইন নামের এক ব্লক লিডারের কাছ থেকে ২৪০ শতাংশ সরকারি খাস জমি ক্রয় করেন সোনাপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্তাজ উদ্দিন। ক্রয়ের পর থেকে তিনি জমিটি চাষাবাদ করে আসছেন।
কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে জাকির গাইন চর থেকে বিতাড়িত হন এবং সেখানে নতুন ব্লক লিডার হন দুলাল প্রধান নামের এক ব্যক্তি। এরপর থেকে তিনি মন্তাজ উদ্দিনকে তার ক্রয় করা জমির মধ্যে ৮০ শতাংশ জমি ছাড়তে চাপ দিতে থাকেন।
এ নিয়ে বিরোধ চলার মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় দুলাল প্রধান তার লোকজন নিয়ে মন্তাজের জমিতে গিয়ে ৮০ শতাংশ অংশ আলাদা করে সীমানা নির্ধারণ করেন। এতে বাধা দিলে দুলাল প্রধানের নেতৃত্বে চৌধুরী, কাশেম, আলম বেপারীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলায় মন্তাজ (৭১) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মন্তাজের ছেলে শরীফ বলেন, ‘আমরা ১২ বছর আগে জমিটি জাকির গাইনের কাছ থেকে ৮০ হাজার টাকা দিয়ে ক্রয় করি। সেই থেকে আমার বাবা চাষাবাদ করছেন। কিন্তু কিছুদিন ধরে দুলাল প্রধান ১০ কড়া জমি ছাড়তে চাপ দিচ্ছেন। ওই জমি তিনি জসিমের কাছে বিক্রি করছেন। হামলার ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’
অভিযুক্ত ব্লক লিডার দুলাল প্রধানের নম্বরে ফোন দিলে তিনি পরিচয় নিশ্চিত না করেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘মারপিটের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'